রেডিও থ্যারাপির রিপোর্টে অনেকক্ষণ
চোখ দু’টো চেপে রাখলেন ডাক্তার।
নোবেল পুরস্কার বিজয়ের পর পর
ডঃ ইউনুসের মুখে যে হাসিটা ঝুলে ছিল
ঠিক সেরকম হেসে নিয়ে অতঃপর
বললেন, বিনিদ্র চশমার ফাঁক দিয়ে,
‘তোমার বুকের অলিন্দে এখন দারুণ ক্যান্সার
’দুরারোগ্য ব্যাধি’।
ইলেকট্রিক শক খাওয়া
যুদ্ধবন্দীর মত চমকে উঠলুম।
নির্ঘাত মৃত্যু এবার।
হেভি মেটালের ড্রাম বিট বাজতে শুনলুম
আমার দেহের অরণ্যে।
তবুও জিজ্ঞেস করলুম,
তাহলে এখানেই কি সব শেষ ?
মরতে আর ক’মাস বাকি ?
বিনিদ্র চশমার ধ্যান ভেঙ্গে গেল;
গর্জে উঠলেন ডাক্তার ঃ
‘হতভাগা এখনো ভালোবাসতে শেখনি ?
এটাও কি বলে দিতে হয় ?’