তুমি আমার হৃদয়টা কখনো
এলোমেলো করে দাও।
বৈশাখী ঝড় যেমন তছনছ করে দেয়
কচি শালবন কিংবা দুঃখিনীর পর্ণ কুটীর।
আবার হঠাৎ কখনো শীতের নরম রোদে
ক্যামেলিয়া হাতে দাঁড়িয়ে থাকো
আমারই প্রতীক্ষায়।
যেনো কত দিনের চেনা।
দূর থেকে যতই দেখি মনে হয়
এইতো পেয়েছি তোমার দেখা।
কাছে এসে থম্কে দাঁড়াই।
ভুল ভাঙ্গে তুমিতো রয়ে গেছো
সেই সুদূরিকা।