তুমিই শেখালে কেমন করে ভালোবাসতে হয়
আবার তুমিই দেখালে কেমন করে দূরে সরে যেতে হয়
ধন্যবাদ সুচরিতাষু সবকিছুর জন্য।
কল্জের মধ্যে হাত ঢুকিয়ে
যে নামটা তুলেছিলাম সে ছিল তোমার
অথচ তুমিই বললে
‘ওটা আমি নই ভিন্ন কোন নারী’।
তবুও ধন্যবাদ সবকিছুর জন্য ।
ফুল দেখলেই তুমি চোখ বুজে সুবাস নিতে
তাইতো ফুলের শহর মেলবোর্ণ থেকে
এনেছিলাম বাস্কেট ভর্তি ফুল
ইউক্যালিপটাসের নিচে দাঁড়ালে
হাওয়ায় উড়তো তোমার চুল
অথচ তুমি বললে ‘ওসব কথা বলিনি কখনো
যা দেখেছো সবই ভুল’।
তবুও ধন্যবাদ ম্যাডাম সবকিছুর জন্য।
ভালোবাসা, প্রেম -তলিয়ে দেখিনি কখনো;
আমি অতি সাধারণ মানুষ একজন।
একদিন তুমিই বললে
‘ভালোবাসা আদায় করে নিতে হয়,
কাছে এসে বলতে হয় তুমি আমার’।
অথচ সেদিন তুমিই শেখালে
কেমন করে হৃদয় পোড়াতে হয় আর
কেমন করে দূরে ঠেলে দিয়ে ভালো বন্ধু হতে হয়।
তবুও ধন্যবাদ অনেক – অনেক –
আমাকে এতো কিছু শেখানোর জন্য
আর একজন ভালো বন্ধু হবার জন্য।
