বিনোদন,দৈনিক বাংলা, ৩১ আগষ্ট ২০২৩
আজ থেকে ২৩ বছর আগে বেরিয়েছিল সোলসের ‘মুখরিত জীবন’ অ্যালবাম। ২০০০ সালে বের হওয়া ওই অ্যালবামে প্রকাশ পেয়েছিল একই শিরোনামের একটি গান। সোলস জন্য গানটি লিখেছিলেন ওই সময়ের তরুণ গীতিকার আবদুল্লাহ আল মামুন। অ্যালবামের পাশাপাশি গানটিও ওই সময় তুমুল জনপ্রিয় হয়। একই সঙ্গে সোলসের কনসার্ট মানে ভক্তদের মুখরিত জীবন শোনার আবদার। ভক্তদের আবদার মেটাতে কনসার্টগুলোতে গানটি গেয়ে মুখরিত করে রাখত সোলস।
তবে গানটি প্রকাশের পর অনেকেই আড়ালে চলে যান গীতিকার আবদুল্লাহ আল মামুন। হয়ে যান প্রবাসী। তবে এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। খোদ গীতিকারকে নিয়ে একই মঞ্চে উঠল সোলস। গাইল তার লেখা ‘মুখরিত জীবন’ গানটি।
তবে ঘটনাটি দেশে নয়, ঘটেছে অস্ট্রেলিয়ায়। কারণ দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে আছে অস্ট্রেলিয়া সফরে। গত ২৪ আগস্ট পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনিতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নেবে সোলস। গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে সোলস লাইভ কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করে। অডিটোরিয়াম দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ। এই কনসার্টেই ‘মুখরিত জীবন’ গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়ে শোনান উপস্থিত দর্শকদের।
কনসার্ট শেষে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘অডিটোরিয়ামের দর্শকরা সোলসের গানগুলো মনভরে উপভোগ করেছেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মামুন ভাইকে কাছে পেয়ে অন্য রকম লেগেছে। এক কথায় অসাধারণ শো হয়েছে।’
এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর অ্যাডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস। অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, সোলসভক্তদের নতুন কিছু উপহার দিতে পারব।’
জানা গেছে, আগামী মাসের শেষ দিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যের বেশ কটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।
এদিকে সোলসের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি গানের ঘোষণা দিয়েছিল ব্যান্ড দলটি। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘যদি দেখো’, কিতা ভাইসাব ও রিকশা শিরোনামের তিনটি গান।
