অফিসের কাজের সূত্রে নিউ সাউথ ওয়েলসের আনাচে-কানাচে বহু ছোট-বড় শহরে যাওয়ার সুযোগ হয়েছে। সেই পুরোনো অভিজ্ঞতার ধারাবাহিকতায় গত দু’দিনে আবার ঘুরে এলাম NSW-এর ভিক্টোরিয়া সীমান্তবর্তী চারটি ছোট্ট কান্ট্রি শহর-Berrigan, Finley, Barooga ও Tocumwal।
জনসংখ্যা মাত্র দেড় থেকে তিন হাজারের মধ্যে। বাইরে থেকে দেখলে শান্ত, নিরিবিলি, প্রায় নিস্তব্ধ শহর। কিন্তু বড়দিনের ছুটিতে চিত্রটা একেবারেই বদলে যায়। পর্যটকদের ভিড়ে ছোট্ট শহরগুলো যেন হঠাৎ প্রাণ ফিরে পায়, রাস্তাঘাট আর দোকানপাট জমজমাট হয়ে ওঠে।
সিডনি থেকে বিমানে Albury, তারপর গাড়িতে প্রায় দেড় ঘণ্টার পথ। যাত্রাপথের একটি বড় অংশই ভিক্টোরিয়া রাজ্যের মধ্য দিয়ে। পথের দুই পাশে বিস্তীর্ণ কৃষিজমি, খোলা আকাশ আর নিরিবিলি গ্রামীণ অস্ট্রেলিয়া। শহুরে ব্যস্ততা থেকে একেবারে ভিন্ন এক জগৎ।
এর মধ্যে Barooga শহরটি বিশেষভাবে মনে দাগ কাটল। প্রায় ২,৭০০ কিলোমিটার দীর্ঘ অস্ট্রেলিয়ার বিখ্যাত Murray River-এর তীর ঘেঁষে গড়ে উঠেছে শহরটি। নদীর এক পারে নিউ সাউথ ওয়েলস, আর অন্য পারে ভিক্টোরিয়া। একই নদী, অথচ দুই পাশে দুই রাজ্য!
এই এলাকায় আমি প্রথম এসেছিলাম নব্বইয়ের দশকের শুরুতে, অফিসের কাজে। প্রায় তিন দশক পর আবার ফিরে এসে মনে হলো, জায়গাটি যেন একই সঙ্গে পরিচিত এবং অপরিচিত। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু মারে নদীর শান্ত স্রোত আর তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য যেন সেই আগের মতোই আছে।
দুপুরের খাবারটাও ছিল ভ্রমণের অন্যতম আকর্ষণ। নদীর পাড় ঘেঁষা একটি রেস্তোরাঁয় বসে খেলাম স্থানীয়ভাবে বিখ্যাত Murray Cod দিয়ে Fish & Chips। নদীর দিকে তাকিয়ে, শান্ত পরিবেশে, মারে নদীর মাছের স্বাদ নিতে নিতে মনে হলো, কখনো কখনো অফিসের কাজও জীবনে সুন্দর কিছু স্মৃতি উপহার দেয়।