অগ্নুৎপাতে মানচিত্র থেকে যেমন
হারিয়ে যায় মহাদেশ কিংবা জেগে ওঠে নতুন জনপদ।
আমার তেমন কোন কিছুতে নয় বরং
নিজেকে শামুকের মত গুটিয়ে নিতে-নিতে
এক সময় আমিটাই হারিয়ে যেতে বসেছি।
কিছুই লিখতে পারি না, বলতে পারি না;
ভেতরটা আমার মরচে ধরে গেছে।
যেখানেই হাত রাখি না কেন
সবখানেই মরচে ধরে গেছে।
তোমার সাথে দেখা নেই আজ দু’বছর,
কেমন আছো ? কোথায় আছো ?
আমার কথা কি মনে পড়ে ?
যেমন করে তোমাকে আমি ভেবে যাই এখনো ?
নিজের অগোচরে কখনো কি আমাকে লিখতে বস ?
তোমাদের দেশে কি এখন ডাক-এ হরতাল ?
অবাধ্য চুলটা এখনো কি তোমাকে জ্বালায় ?
আর সরাতে গিয়ে আমাকে দেখো ?
রেডিওর ইথারে কি ভেসে আসে কোন পরিচিত স্বরলিপি?
অথবা ক্যাসেটে বেজে ওঠে আমার পছন্দের গান ?
এখনো কি বিকেল হলেই পুরোনো ম্যাগাজিনগুলো পড় ?
তোমার পছন্দের কোন বইয়ের পাতায় অলক্ষ্যে
আমার চোখ দুটো কি দেখ ?
তুমি বরাবরই নক্ষত্র ছুঁতে চেয়েছো ;
মহাকাশ যানের মত তাই ছুটে গেছো
মাধ্যাকর্ষণ ছাড়িয়ে দ্রুত কক্ষপথে।
যদিও তুমি ছিলে আমার ভীষণ কাছাকাছি দূরত্বে।
অর্থাৎ তোমার আমার ব্যবধান ছিল
কেবল হৃদয় স্পন্দনের।
Leave a comment
