তোমার কনকচাঁপার মত আঙুলে যে ফুল
ছিল সযতনে, জানি সে আমার নয়  ছিল না তো
কস্মিনকালেও। একদিন ধূসর বিকেলে, হয়তো
নিতান্ত অবহেলায়, যে ফুল ছুঁড়ে দিয়েছিলে; ব্যর্থ
প্রেমিক যেমন ছুঁড়ে ফেলে প্রেমের লিখন সুতীব্র ঘৃণায়।
স্বপ্নের ভেতরে মৃদু স্বরে কথা বলার মত শুধু
খুঁজেছি সে ফুল  তোমার বিরূপ-বিদ্রুপ  গায়ে মেখে ধূ-ধূ
প্রান্তরে ক্রুশোর মত হেঁটে হেঁটে মাতাল হয় সারাক্ষণ।

সেই থেকে আমি সঙ্গীহীন চুপচাপ পড়ে আছি
অলৌকিক উদ্যানে ভীষণ একাকী। সদ্য বিধবা
রমণীর মতো রক্তাক্ত হয়েছে আমার হৃদয়;
অধিকার-অধিকার বলে পাইনি অধিকার, ভালবাসি
ভালবাসি বলে ছিঁড়ে গেছে নীলিমায় গাঁথা মালা। তবুও
অনুরাগে সিক্ত মন থাকে তোমারই প্রতীক্ষায়।