প্রথম আলো নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২: ৫৪
চট্টগ্রামে ১৯ দিনের স্বাধীনতা বইমেলা আজ শনিবার শেষ হয়েছে। শেষ দিনে ১৩ জন ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পদক দেওয়া হয়। এর মধ্যে সাহিত্যে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা পদক দেওয়া হয়।
আজ অনুষ্ঠানের মূল মঞ্চে গুণীজন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও অতিথিরা। স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসাক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।অন্যদিকে সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পদক পেয়েছেন গীতিকবিতায় ড. আবদুল্লাহ আল মামুন, শিশুসাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব।

গীতিকবিতার জন্য সম্মাননা পেয়েছেন আবদুল্লাহ আল মামুন। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানের কথা লিখে বিখ্যাত হয়েছেন এই গীতিকার। তিনি বলেন, ‘জীবনে অনেক পদক ও স্বীকৃতি পেয়েছি। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের আজকের যে সম্মাননা পেয়েছি, তার স্বীকৃতি আমার জন্য অন্য রকম অনুভূতি। কেননা এই শহরের সন্তান হিসেবে হোমটাউনেই স্বীকৃতি পেয়েছি। তা নেওয়ার জন্য সিডনি থেকে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছি।
ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সংগীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার এই স্মারক সম্মাননা পেয়েছেন।

পূর্বকোণ সম্পাদক ম রমিজ উদ্দিন চৌধুরী বলেন, এই সম্মাননা অনেক বড় সম্মানের। একজন গণমাধ্যমকর্মী হিসেবে চট্টগ্রামের প্রান্তিক ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছেন পূর্বকোণ–এ। তবে কোনো ধরনের সম্মাননা বা পদকের জন্য তা করেননি। আজ যে স্বীকৃতি পেয়েছেন, তা ভবিষ্যতে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
